সোনারগাঁ উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

655

স্টাফ রিপোর্টারঃ নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথ নিয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান বাবু ওমর ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি ঢাকার সেগুন বাগিচা এলাকায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ নেন।
পরে চেয়ারম্যান মোশারফ হোসেন শপথ নেয়ার পর ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এএইচএম মাসুদ দুলাল, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাবেক সভাপতি গাজী মুজিবুর, সহ-সভাপতি সোহাগ রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, মোগড়াপারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাছির হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৩১ মার্চ অনুষ্ঠিত পঞ্চম উপজেলা নির্বাচনের ৪র্থ ধাপের নির্বাচনে সোনারগাঁয়ে নৌকা প্রতীক নিয়ে মোশারফ হোসেন ৭৩ হাজার ৩৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। অপরদিকে তার প্রতিদ্বন্ধি প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫, ৬৫৯ ভোট। মোশারফ হোসেন নৌকা প্রতীক নিয়ে ২৭,৩৭৯ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে বাবুল ওমর বাবু পেয়েছেন ৩৫,৬৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী আবু নাঈম ইকবাল তালা প্রতীক নিয়ে পেয়েছেন ২২,৯০৯ ভোট। বাবুল ওমর বাবু টিউবওয়েল প্রতীক নিয়ে ১২,৭৩১ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
এছাড়া মহিলা চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে মাহমুদা আক্তার ফেন্সি পেয়েছেন ২৪,৩৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি বর্তমান ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পদ্মফুল প্রতীক নিয়ে পেয়েছেন ১৯,২১৪ ভোট। মাহমুদা আক্তার ফেন্সী ৫,১৬৪ ভোটের ব্যবধানে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

সোনারগাঁ উপজেলা ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৮ হাজার ৭১। এর মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে সর্বমোট ভোট পড়েছিল ১,১৭,৬৯৭ ভোট।