পরিবহন ধর্মঘটে জনগণকে ধৈর্য ধরার আহ্বান

456

স্টাফ রিপোর্টারঃআজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জেলহত্যা দিবস উপলক্ষে ও শেখ রাসেলের জন্মদিনকে ‘শিশু রক্ষা’ দিবস হিসেবে পালনের দাবিতে এক আলোচনা সভায় পরিবহন ধর্মঘটে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, একটু ধৈর্য ধরুন। আপনারা দু-একদিন একটু কষ্ট করেন।  দেখবেন, ওই সমস্ত মাফিয়াচক্র ঠাণ্ডা হয়ে যাবে।

তিনি বলেন, এর সঙ্গে শুধু আওয়ামী লীগ, বিএনপি কিংবা বাম দলগুলোই নয় পরিবহন সেক্টরের চাঁদাবাজির সঙ্গে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও জড়িত।

নাসিম বলেন, পরিবহন সেক্টরের নেতারা সবাই রাজনীতি করে। কিন্তু তারা চাঁদার ব্যাপারে সবাই একমত। ওখানে কমিউনিস্ট নেতার সাথে আওয়ামী লীগ নেতার কোনো পার্থক্য নাই, বিএনপি নেতার সাথে জামায়াত নেতার কোনো পার্থক্য নাই। এমনকি এই চাঁদাবাজির সঙ্গে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও জড়িত আছে। এই পরিবহন সেক্টরের চাঁদার সমস্যা সমাধান করতে পারলে অনেক সমস্যার সমাধান হবে।

পরিবহন ধর্মঘট ডাকার বিষয়ে মালিক শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে, শেখ হাসিনা জনগণের রাজনীতি করেন। আপনারা আলোচনায় বসতে পারতেন। আপনারা টেবিলে না বসে আগে ধর্মঘট ডেকে দিলেন মানুষকে কষ্ট দেয়ার জন্য। এটা ঠিক করেননি।

শেখ রাসেলের জন্মদিনকে ‘জাতীয় শিশু রক্ষা দিবস’ হিসেবে পালন করা যায় কিনা এ ব্যাপারে সংসদে আলোচনা করবেন বলেও এ সময় জানান নাসিম।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কাদের খান ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী সভাপতি ফাল্গুনী হামিদ প্রমুখ।