৫৪ বছরের পুলিশ পরিদর্শককে সোনারগায়ের ওসি নিয়োগ

282

সদর দফতরের নির্দেশনা অমান্য করে সোনারগাঁও থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে একজন পরিদর্শককে নিয়োগ দিয়েছে এক কর্মকর্তা। এমনকি তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিককেও এ বিষয়ে অবহিত করেনি। অভিযোগ উঠেছে, মোটা অংকের টাকা নিয়ে এই নিয়োগ দিয়েছেন তিনি। এ বিষয়ে পুলিশ সদর দফতর থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, গত ১৭ জুন পুলিশ হেডকোয়ার্টার থেকে সকল রেঞ্জ ডিআইজি এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের চিঠির মাধ্যমে একটি নির্দেশনা দেওয়া হয়। যেখানে বলা হয়েছে, ৫২ বছরের ওপরে কোনো পুলিশ পরিদর্শককে থানায় ওসি হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।

ওই চিঠিতে জানানো হয়, গত ১৬ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে পলিসি গ্রুপের একটি মিটিং অনুষ্ঠিত হয়। সভায় বেশ কিছু সিদ্ধান্ত নীতিগত নেওয়া হয়। এর মধ্যে একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত হচ্ছে, যেকোনো থানার অফিসার ইনচার্জ হিসাবে ৫২ বছরের ওপরে কোনো পুলিশ পরিদর্শককে পদায়ন করা যাবে না।

পুলিশ সদর দফতর থেকে জানা গেছে, পুলিশ পরিদর্শক মো. ইসমাইল হোসেনের বয়স ৫৪ বছর। তাকে গত সোমবার (৭ জুলাই) এক পুলিশ কর্মকর্তা সোনারগাঁও থানায় ওসি হিসেবে পদায়ন করেন। পরিদর্শক ইসমাইল হোসেন পোস্টিং অর্ডার পেয়ে ওই দিনই সন্ধ্যায় সোনারগাঁও থানায় ওসি হিসেবে যোগ দেন।

সোনারগাঁও থানায় ওসি হিসেবে পদায়ন হওয়া মো. ইসমাইল হোসেন বলেন, ‘পোস্টিং অর্ডার পেয়ে সোমবার ওসি হিসেবে যোগ দিয়েছি।’ পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলেও জানান।

ইসমাইল হোসেনের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, দেশের শীর্ষ ধনী ওসিদের মধ্যে তিনি একজন। জুলাই গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে টাঙ্গাইলের ভুয়াপুর থানা, গাজীপুরের টঙ্গী ও গাছা থানা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বরিশাল থানা ও কুমিল্লার বুড়িচং থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে বারবারই অনিয়ম আর দুর্নীতির কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।

ইসমাইল হোসেন বরিশাল থানার ওসি থাকাকালীন তার নামে বিভাগীয় মামলা হওয়ার পর তাকে স্ট্যান্ড রিলিজও করা হয়। ওসি ইসমাইল হোসেন চলেন বিলাসবহুল প্রাডো গাড়িতে। গ্রামের বাড়ি নরসিংদীর সিলমান্দি এলাকায় ৫৬ বিঘা জমি রয়েছে তার।

এছাড়া, গাজীপুরের গাছা এলাকায় ২০ বিঘা জমিতে গরুর খামার রয়েছে তার। দুই ছেলে আমেরিকায় লেখাপড়া করেন। গত বছর কোটি টাকা খরচ করে বড় ছেলেকে বিয়ে দিয়েছেন। উত্তরার ৪ নম্বর সেক্টরে সুবাস্তু টাওয়ারে ৩ হাজার ২০০ স্কয়ার ফিটের দুই কোটি টাকা দামের আলিশান ফ্লাটও রয়েছে তার।

ইসমাইল হোসেন রূপগঞ্জের ওসি থাকাকালীন তিন মাসেই ১৮টি হত্যাকাণ্ড ঘটে। মূলত রূপগঞ্জের ওসি থাকাকালীন শত কোটি অবৈধভাবে হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ সব বিষয়ে জানতে আবার ওসি ইসমাইল হোসেনকে ফোন করা হলে তিনি বলেন, ‘প্রমোশনের সময় এলেই একটি প্রতিদ্বন্দ্বী গ্রুপ আমার বিরুদ্ধে উঠেপড়ে লাগে। এবারও তাই হয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সদর দফতর থেকে কেউ কথা বলতে রাজি হয়নি। কর্মকর্তাদের ভাষ্য, একজন সামান্য ওসির বিষয়ে তারা মন্তব্য করতে রাজি নন। তবে পুলিশ সদর দফতর থেকে জানানো হয়েছে, এরকম বিতর্কিত কোন পরিদর্শককে সোনারগাঁওয়ের ওসি হিসেবে নিয়োগ দেওয়া মোটেই ঠিক হয়নি। বিষয়টি নিয়ে এসপির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।