স্টাফ রিপোর্টারঃ ২১ শে আগস্ট গ্রেনেড হামলার রায় ঘোষনার পর পরই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক স্থানে প্রায় ৮/১০টি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। রায় ঘোষনার ১০ মিনিটের মধ্যে এ বিস্ফোরনের ঘটনাগুলো ঘটে। উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা ও কাঁচপুর এলাকায় এ ককটেলগুলো বিস্ফোরিত হয়। ঘটনার পর সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নাশকতার অভিযোগে থানা যুবদলের যুগ্ম-সাধারন সম্পাদক এনামুল হক রবিন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন নবী মাস্টার ও কাঁচপুর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি ইসমাইল হোসেনকে গ্রেফতার করে। পুলিশের দাবি আটককৃত রবিনের কাছ থেকে অবিস্ফোরিত অবস্থায় ২টি, নুরুন নবীর কাছ থেকে ২টি এবং ইসমাইল হোসেনের কাছ থেকে ৩টি ককটেল উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের মহাজোটের এমপি লিয়াকত হোসেন খোকার কার্যালয়ের পার্শ্ববর্তী ইতাদি রেষ্টুেরন্টের সামনের ফুটপাতে হঠাৎ বিকট শব্দে পর পর ৪টি ককটেল বিস্ফোরন ঘটে। বিস্ফোরনের শব্দ শুনে পথচারীরা দিকবিদিক ছুটাছুটি শুরু করে। এ সময় আরেকটি ককটেলের বিস্ফারণ ঘটে এমপি কার্যালয়ে সামনের দিকের রাস্তায়। এতে একজন পধচারী শিশু আহত হয়েছে। ঘটনার পর পর সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরদিকে কাঁচপুর এলাকায় ৪টি ককটেল বিস্ফোরিত হয়েছে। সেখানে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এব্যাপারে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক সৈয়দ মশিউর রহমান শামিম জানান, আমি সহ আরও কয়েকজন দুপুরে মোগড়াপারা চৌরাস্তা এলাকায় নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের মহাজোটের এমপি লিয়াকত হোসেন খোকার কার্যালয়ের পার্শ্ববর্তী ইত্যাদি রেষ্টুরেন্টের সামনের ফুটপাতের পাশে চায়ের দোকানে বসে চা পান করছিলাম। সকলে চলে গেলেও আমি সেখানে বসে থাকার কিছুক্ষন পরই হঠাৎ বিকট শব্দে পর পর ৪টি ককটেল বিস্ফোরন ঘটে। তবে ঘটনায় অল্পের জন্য আমি প্রাণে রক্ষা পেয়েছি। তিনি আরও জানান, ২১ শে আগস্ট রমনা আওয়ামীলীগের পার্টি অফিসের সামনে গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে এই চারটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। রায় ঘোষনার ১০ মিনিটের মাথায় এ বিস্ফোরনটি ঘটে বলে তিনি জানান।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম পিপিএম জানান, মোগরাপাড়া চৌরাস্তা ও কাঁচপুর এলাকায় ককটেল বিস্ফোরনের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তÍতি চলছে।
সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার সাধন বসাক জানান, গতকাল দুপুর একটার দিকে ইত্যাদি রেস্টুরেন্ট ও এমপির মার্কেটর সামনে পর পর চারটি ককটেল বিস্ফোরন ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদশর্ন করেছে। তবে, কারা এঘটনাটি ঘটিয়েছে তাৎক্ষনিক বলতে পারেনি কেউ।



