নারায়নগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনের মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের ৩ ও বিএনপির ২ প্রার্থী চুড়ান্ত হয়েছে। নারায়ণগঞ্জ- ১, ২ ও ৪ আসনে আওয়ামীলীগের বর্তমান তিন এমপি আবারও আওয়ামীলীগের নৌকা প্রতীকে নির্বাচন করবেন।নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনে গোলাম দস্তগীর গাজী ও নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম বাবু। অন্যদিকে নারায়ণগঞ্জ-৩ আসনে জেলা বিএনপির সহ-সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জ-৪ আসনে জেলা বিএনপির আরেক সহ সভাপতি শাহ্ আলম লড়বেন ধানের শীষ প্রতীকে। বাকি ২ আসন নারায়নগঞ্জ ৩ এবং ৫ এ একাধিক প্রার্থী থাকায় এখনো চুড়ান্ত কাউকে বলা যাচ্ছে না। অন্যদিকে আওয়ামীলীগ দুইটি আসনে কোন প্রার্থী দেয়নি।
সূত্রমতে,গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। ওইদিন জেলার ৫টি সংসদীয় আসনে বিভিন্ন দল থেকে ৬১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ৬১ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে নির্বাচন কমিশন। যাচাই-বাছাই শেষে গত ২ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসার ১৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, মামুন মাহমুদের মনোনয়নপত্র বাতিল হওয়াতে শাহ্ আলম এই আসনে বিএনপির চুড়ান্ত প্রার্থী বলে নিশ্চিত হওয়া যায়।অন্যদিকে নারায়ণগঞ্জ-৩ আসনে আহারুল ইসলাম মান্নান ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফরকে বিএনপির প্রত্যয়নপত্র দেয়া হয়। কিন্তু খন্দকার আবু জাফর তাঁর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেননি। খন্দকার আবু জাফর মনোনয়নপত্র জমা না দিলেও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আজহারুল ইসলাম মান্নান। এদিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছেন তিনি। সেদিক থেকে আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে লড়বেন আজহারুল ইসলাম মান্নান।
অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ জেলার তিনটি আসনে বর্তমান এমপিদের উপরই ভরসা রেখেছেন। বর্তমান তিন এমপিকেই আওয়ামীলীগের প্রার্থীতা দিয়েছেন। মনোনয়ন পাওয়া আওয়ামীলীগের তিন প্রার্থীর মনোনয়নপত্রই নির্বাচন কমিশনে বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
সে অনুযায়ী, আসন্ন সংসদ নির্বাচনে জেলার ৫টি আসনের মধ্যে আওয়ামীলীগের তিন প্রার্থী ও বিএনপির দুই প্রার্থী চুড়ান্ত হয়েছে। তবে মনোনয়ন বাতিল হওয়াদের মধ্যে কেউ কেউ আপিল করার সিন্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।



