বিশেষ প্রতিনিধি: ইসি বলছেন দেশে গণতন্ত্রের সু-বাতাস বইছে। হায়রে সু বাতাস! এমনই সু-বাতাস, অনুমতি নেওয়ার পরেও মঞ্চ বানানো যায় না, মাইক লাগানো যায় না, সমাবেশে আসা যায় না, জায়গায় জায়গায় বাঁধা। আহ! দেশে এক অদ্ভূদ নির্বাচন হচ্ছে।
নারায়ণগঞ্জে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন। তিনি শুক্রবার (২১ ডিসেম্বর) বিকালে বন্দর উপজেলার সোনাকান্দা স্টেডিয়ামে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী।
ইসির কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আমাদের সাথে বৈঠকে ইসি বলেছিলো তফসিল ঘোষণার পর আর কাউকে গ্রেপ্তার করা হবে না। কিন্তু তফসিল ঘোষণার পরে আমাদের ১৪ জন প্রার্থী জেলে। হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে, জামিন দেওয়া হচ্ছে না। প্রচারণা করতে দেওয়া হচ্ছে না। এটাই কি গণতন্ত্র।
মির্জা ফখরুল আরো বলেন, প্রতিটি জেলায়, প্রতিটি গ্রামে মানুষ জেগে উঠছে, যত মানুষ জেগে উঠছে, ততই নির্যাতনের মাত্রা বাড়াচ্ছে। মানুষ কখন নির্যাতন করে? যখন মানুষ একা হয়ে যায়। তাদের যে উন্নয়নের কথা বলছেন? সেটা দেশের উন্নয়ন নয়, উন্নয়ন হয়েছে ঠিকই তা সরকার দলিয় নেতাদের পকেটের। দ্রব্যমূল্যের পাশাপাশি সব কিছুরই দাম বেড়েছে। বাড়ি ভাড়া বেড়েছে। অথচ, লাখ টাকা দিয়েও চাকরি পাওয়া যাচ্ছে না।
মির্জা ফখরুল আরো বলেন, আগামী ৩০ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে গৃহিত হবে বাংলাদেশের মানুষ আলোর পথে থাকবে, নাকি অন্ধকারে থাকবে। গত ১০ বছর আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমাদের জেল দিয়েছে, জরিমানা করেছে। সর্বশেষ আমাদের মা বেগম খালেদা জিয়াকে জেলে দিয়েছে। আমি কয়েকদিন আগে তাকে দেখে এসেছি। তিনি অসুস্থ্য, নিজের পায়ে চলাচল করতে পারেনা। তারপরেও তিনি সবার কথা জিজ্ঞাসা করেছেন। আগামী ৩০ ডিসেম্বর কোন বাঁধা মানা যাবে না। এরা উস্তাদ। তারা ভোট চুরি করতে উস্তাদ। ভয় পাবে না। ভয়ের কিছু নেই। মানুষ এক বারই মরে, সত্য প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিতে হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, সাম্যবাদী দলের কেন্দ্রীয় সম্পাদক কমরেড সাইদ আহম্মেদ, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী এসএম আকরাম, জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী কাজি মনির, কেন্দ্রীয় বিএনপির সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম আজাদ ও নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মনির হুসাইন কাশেমী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামালসহ বিএনপির জেলা ও মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ।



